চালকের অসচেতনতায় সিলেট-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (১৬ অক্টোবর) সকালে মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতকগামী একটি বাস ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ওসামনীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক গণমাধ্যমকে বলেন, বাসটি কাদামাটিতে পড়ায় যাত্রীরা বেঁচে গেছেন।

তিনি বলেন, মহাসড়কে চালকের চোখে ঘুম নিয়ে বাস চালানোর কারণে বেশি দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনাটিও একই কারণে ঘটেছে।