দৈনিক কাজিরবাজার পত্রিকার সাবেক বার্তা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য নাছির আহমদ খান আর নেই (ইন্নাহিলাহি…রাজউন)। তিনি গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জীবদ্দশায় দৈনিক সিলেট সংলাপ, সাপ্তাহিক সিলেট প্রাপ্তসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম নাছির আহমদ খান ৩ দিন আগে শ্বাসকষ্টজনিত রোগে ওসমানী হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত মঙ্গলবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বাসায় নেয়ার পর গতকাল বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নাছির আহমদ খানের জানাযার নামাজ আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর নগরীর কুয়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
