সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার কয়েকটি বহুতল ভবন কিছুক্ষণ পর পর কেঁপে ওঠছে। পার্শ্ববর্তী একটি স্কুলের নির্মিতব্য ভবনে পাইলিংয়ের কাজের জন্য এমনটি ঘটছে বলে জানা গেছে। এতে কাঁপতে থাকা ভবনগুলোর আতঙ্কিত বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা সমূহ বিপদের আশঙ্কা করছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে লিখিতভাবে আবেদন জানিয়েছেন তারা। আবেদনটি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে সিসিকের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন মেয়র আরিফ।

জানা গেছে, সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ বহুতল আর.বি কমপ্লেক্স নামের মার্কেটটি গত কয়েকদিন থেকে কিছুক্ষণ পরপরই ভীতিকরভাবে কেঁপে ওঠছে। এমনটি চলে সকাল থেকে রাত পর্যন্ত। এতে মার্কেটের ব্যবসায়ী, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মার্কেটে আগতরা চরম আতঙ্কিত হয়ে পড়েন।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, আর.বি কমপ্লেক্স সংলগ্ন দি এইডেড হাই স্কুলের পূর্বদিকের নির্মিতব্য বিল্ডিংয়ের পিকাস্ট ৫০-৫৫ ফুট পাইলিংয়ের কাজ চলছে। এই কাজ চলাকালে যখনই মেশিন দিয়ে সজোরে পাইলিং করা হয় তখনই আর.বি কমপ্লেক্সসহ আশপাশের বহুতল ভবন ও বাসা-বাড়ি তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে। পাইলিংয়ের সময় পুরো আর.বি কমপ্লেক্সসহ মার্কেটের প্রতিটি প্রতিষ্ঠানের শাটার, থাই গ্লাস, মেঝে এবং আসবাবপত্র কাঁপতে থাকে। এতে ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আর.বি কমপ্লেক্সের ব্যবসায়ীরা জানান, এ বিষয়ে এইডেড হাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। যত দিন যাচ্ছে কম্পনের মাত্রা ও সময় বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এমনভাবে কম্পন অনুভূত হয়- মনে হয় যেন বড় মাত্রার ভূমিকম্প হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সিলেটে টানা কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এরই মাঝে এমনটি ঘটায় এইডেড হাই স্কুল সংলগ্ন আর.বি কমপ্লেক্সসহ বহুতল ভবনগুলোর বাসিন্দারা তীব্র আতঙ্কে আছেন। এছাড়াও এমন ঝাঁকুনিতে ভবনগুলোর দুর্যোগ সহনীয় ক্ষমতা হ্রাস পাওয়ার আশঙ্কাও করছেন মালিক ও সংশ্লিষ্টরা।