রাজনীতির নতুন পথে নতুন লক্ষ্যে যাত্রা শুরু সিলেট সফরের মধ্য দিয়ে যাত্রা শুরু হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এটা তার দলীয় সাংগঠনিক সফর হিসেবে বলা হলেও মূলত তার এই সফর আগামী নির্বাচনকেন্দ্রিক, এমনটাই বলছেন তার অনুসারীরা। তার সফর সঙ্গী হিসেবে থাকছেন জাতীয় পার্টির শীর্ষ কয়েকজন নেতা।

জানা গেছে, বিদিশা এরশাদেআজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে দুপুর দেড়টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। সেখানে যোহরের নামাজ আদায় ও কোরআন শরীফ পাঠ করার পর মাজারে শিরণি বিতরণ করবেন।

এরপর দরগাহ গেইটস্থ একটি হোটেলে বিশ্রাম করার পর আছরের নামাজের পর হজরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত ও শিরণি বিতরণ করবেন বিদিশা। এরপর রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।

হোটেলে অবস্থানকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদ বলেন, ‘বিদিশা এরশাদের এই সফর মূলত সাংগঠনিক সফর। সিলেট সফরকালে তিনি দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।’

জাপা সূত্রে জানা গেছে, বিদিশা এরশাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণভার নিজের হাতে নিতে চান। সে লক্ষ্যে তিনি বিগত কিছুদিন ধরে তৎপরতা চালাচ্ছেন। মূলত এরশাদের মৃত্যুর পর দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন বিদিশা।

দুই বছর আগে এরশাদের মৃত্যুর পর বিদিশা ‘জোর করে’ এরশাদের বাড়ি বারিধারার প্রেসিডেন্ট পার্কে উঠে পড়েন। তার ছেলে এরিককে ‘চরম অবহেলা করে তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে’ বলে অভিযোগ করেন তিনি। মাস দুয়েক আগে এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে এরিক জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন; যদিও তাকে রাজনীতি থেকে দূরেই রেখেছিলেন এরশাদ, আর দলেও তার কোনো পদ নেই।

এরিক তার সৎ মা সংসদে বিরোধীদলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ‘নতুন কমিটি’র চেয়ারপার্সন ঘোষণা করেন। মা বিদিশার সঙ্গে রওশনের ছেলে রাহগীর আল মাহি সাদকে (সাদ এরশাদ) কো-চেয়ারম্যান ঘোষণা করেন তিনি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করা হয় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।