সুনামগঞ্জের দিরাইয়ে ঢেউয়ের কবলে পড়ে ধানবোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকাটিতে প্রায় ১৫০ মণ ধান ছিল যার আনুমানিক মূল্য হবে দেড় লাখ টাকার মতো। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪টার দিকে করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও সংলগ্ন সুরমা নদীতে।

জানা যায়, উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ির ঘাট থেকে ধান নিয়ে নৌকাটি একই ইউনিয়নের বদলপুর গ্রামের উদ্দেশে যাওয়ার সময় নৌকাটি কর্ণগাঁও গ্রামের পূর্ব দিকে আসলে ঢেউয়ের কবলে পড়ে সুরমা নদীতে ডুবে যায়।

নৌকার মাঝি তাপস দাস বলেন, সাকিতপুর গ্রাম থেকে শনিবার বিকেলে নৌকা করে ধান নিয়ে নদীর ঘাট থেকে ছেড়ে কর্ণগাঁও গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলে তীব্র বাতাসে ঢেউয়ের কবলে পরে নৌকাটি হঠাৎ করে কাত হয়ে নদীতে তলিয়ে যায়। নৌকাটিতে প্রায় ১৫০ মণ ধান ছিল। নৌকা ডুবে গেলেও কেউ হতাহত হননি।