মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সম্প্রতি উদ্ধার হওয়া দুটি মহাবিপন্ন বাঁশ ভাল্লুক অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে উদ্যানটির জানকিছড়া এলাকায় ভাল্লুক দুটিকে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন’বিভাগ ও র্যাব সদস্যরা গত ৪ আগস্ট শ্রীমঙ্গলের জালালিয়া রোডস্থ বার্ড ব্রিডিং পার্ক থেকে অতিবিপন্ন প্রজাতির ৪টি প্রাণী উদ্ধার করে।
প্রাণীগুলো ছিল দুটি বাঁশ ভাল্লুক, ১টি খাটো লেজী বানর ও ১টি হিমালয়ান শকুন।
উদ্ধারকৃত এ চারটি প্রাণীর মধ্যে দুটি বাঁশ ভাল্লুক মঙ্গলবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। সেই সাথে খাটো লেজি বানর ও হিমালয়ান শকুন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোস্তফা ফিরোজ, ড. কামরুল হাসান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ।
