রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও আটজন। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে করোনা ইউনিটে এই ১৩ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন ও পাবনার পাঁচজন।
এদের মধ্যে সাতজন পুরুষ এবং ছয়জন নারী। মৃতদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৪৮ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪৩৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৮৮ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭৮ জন যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬৭ জন।
হাসপাতাল পরিচালক জানান, শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ৪৪ শতাংশ বেড়ে শনাক্তের হার ২৪ দশমিক ৩২ শতাংশ।
এর আগের দিন বৃহস্পতিবার ছিল ২২ দশমিক ৮৮ শতাংশ। এছাড়াও গত বুধবার ছিল ২৮ দশমিক ৯০ শতাংশ, গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৬ শতাংশ, গত সোমবার ২২ দশমিক ৫১ শতাংশ, গত রোববার ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।
