নবীনগরে প্রতিদিনই করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে অথচ জনসাধারণের মধ্যে কোন সচেতনতা দেখা যাচ্ছে না। বাজারে জনসমাগম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সিভিল প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে প্রতিদিন সেনাবাহিনীর সদস্যরা নবীনগর বাজারে টহল দিতে আসেন।
গতকাল সোমবার (২৬/৭) দুপুরে সেনাবাহিনীর উপস্থিতিতে নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন সরকারের বিধি নিষেধ অমান্য দোকান খোলা রাখায় সদরের সালাম রোড এবং কোর্ট রোডের পাঁচটি স্বর্ণ ব্যবসায়ীর দোকানে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় পাঁচটি মামলা করে মোট ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।
অভিযান চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন পথচারীদের কে সচেতন হতে এবং সরকারের বিধিনিষেধ মানতে অনুরোধ করেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে আহ্বান করেন।
উল্লেখ্য যে রবিবার (২৫/৭/২০২১) ৯৪টি এন্টিজেন পরীক্ষায় ৪৫ জন সনাক্ত হন। এ পর্যন্ত মোট আক্রান্ত ১০৮৪, মোট সুস্থ ৫৩০ এবং মৃত্যু বরণ করেছেন ১৭ জন।
