বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের পাশাপাশি তৃণমূলের মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ডে পাড়া-মহল্লায় গিয়ে মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড।
একইসঙ্গে সংগঠনটির সদস্যরা মাইকিং করে তাদের সেবা ও স্বাস্থ্যবিধি সম্বলিত সচেতনতামূলক প্রচারপত্রও বিলি করছেন।
রোববার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর হড়গ্রাম বাজার, কোর্ট স্টেশনসহ রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় ব্রিগেডের নগর, থানা ও স্থানীয় ওয়ার্ডের সমন্বয়কারীদের নেতৃত্বে একদল কর্মী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করেন।
এসময় মাস্ক না পড়ে বাইরে বের না হওয়ার বিষয়ে মানুষকে নিরুৎসাহিত করেন বিগ্রেডের সদস্যরা।

এসব কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু। জানতে চাইলে তিনি বলেন, ‘মধ্য শহরে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিছুটা দেখা গেলেও ওয়ার্ড এবং থানা পর্যায়ে এটি অনেক কম।
এমন পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ঠেকানো খুব কঠিন। এসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে শহরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে ঘুরছি। যার মুখে মাস্ক নেই; তাকে সচেতন করছি। বিনামূল্যে মাস্কও দিচ্ছি।
আমরা বিশ্বাস করি- মানুষ ঘরের বাইরে বের হয়ে নিয়মিত মাস্ক পরিধান করলে অচিরেই সংক্রমণের লাগাম টানা সহজ হয়ে উঠবে।’
এসময় তার সাথে শহীদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, কাশিয়াডাঙ্গা থানার সমন্বয়কারী শামীম ইমতিয়াজ, আব্দুল খালেক বকুল, গোলাম রসুল বাবলু, তৌহিদ উদ্দীন বিদ্যুৎ, মোশারোফ হোসেন, কামরুল হাসান সুমন, খোরশেদ আলম, আলাউদ্দীন, আরিফসহ স্থানীয় ও মহানগরের সদস্যরা উপস্থিত ছিলেন।
