রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে করোনা ইউনিটে (১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জনে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে ১৬ জন মারা গেছেন। মারা যাওয়া ২০ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের পাঁচজন, নওগাঁ দুইজন ও কুষ্টিয়ার তিনজন।

নতুন মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ এবং আট নারী। এদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৪৫৪ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৪৮০ জন। বাকিদের মেঝে ও বারাদ্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও আইসিইউতে ভর্তি রয়েছে ১৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৮০ জনের মধ্যে ২৩৮ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬৮ জন।

পরিচালক জানান, সোমবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৯২ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৮ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৭ শতাংশ। যা আগের দিন ছিল ১৮ দশমিক ৫৯ শতাংশ। এর আগে গত শনিবার ২৬ দশমিক ৬৮ শতাংশ এবং গত শুক্রবার ছিল ৩১ দশমিক ৯২ শতাংশ।