বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার মামাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। তার হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন পরিণীতি। গত মার্চে লন্ডন গেছেন।
সেখানে করোনা প্রতিরোধে ফাইজার টিকা নিয়েছিলেন পরিণীতি। বুধবার (১৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছিলেন এ অভিনেত্রী। পরপর তিনটি ছবিতে বাম হাতে পট্টি বাঁধা অবস্থায় দেখা গেছে তাকে। তবে হাসিমুখেই সেলফি তুলেছেন এ নায়িকা।
জানা গেছে, করোনার ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন পরিণীতি। তার সেবা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। খবর আনন্দবাজার। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ সিনেমার এ অভিনেত্রী। পরিণীতির শেয়ার করা তৃতীয় ছবিটি তুলেছেন প্রিয়াঙ্কা। বোঝাই যাচ্ছে, আপাতত বড় বোনের যত্নে আছেন পরিণীতি।
এ ছবি শেয়ার করেও ট্রলের মুখে পড়েছেন পরিণীতি। তার অসুস্থতাকে অনেকে ‘নাটক’ বলে মনে করছেন। কারণ হিসেবে নেটিজেনরা বলছেন, প্রথম দুটি ছবিতে দেখা যাচ্ছে, পরিণীতি ডান হাতে টিকা নিয়েছেন। পরের ছবিতে বাম হাতে গরম পানি ব্যাগ চেপে ধরেছেন তিনি।
কিন্তু ব্যাপারটি আসলে তা নয়। বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেত্রী নিজেই। নেটিজেনদের পরিণীতি মনে করে দিয়েছেন, সেলফিতে সবকিছু উল্টে যায়। ডান হাতকে বাম হাত আর বামকে ডান মনে হয়।
পাঞ্জাব পরিবারে জন্ম নেওয়া এ অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১১ সালে। পরিণীতি অভিনীত প্রথম সিনেমা ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন পরিণীতি। পড়াশোনা শেষে ২০০৯ সালে ভারতে আসেন তিনি। ইচ্ছা ছিল ব্যাংকার হওয়ার। কিন্তু হয়ে গেছেন নায়িকা।
