বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর গ্রামের ছাত্রলীগ নেতা তারিকুজ্জামান নকিব (২৬) পূর্বে হামলার ঘটনায় করা মামলায় জেল থেকে ছাড়া পেয়ে আবারো হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষের বাড়িতে। বুধবার (৭ জুলাই) রাত ১ টায় সুলতানপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মো. জাকির শেখের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার মোঃ জাকির শেখ জানান, ৩ জুন তারিকুজ্জামান নকিবসহ ১০/১২ জন সহযোগী নিয়ে হামলায় মহিলাসহ ৬ জন আহত হওয়ার ঘটনায় আমি বাদি হয়ে তারিকুজ্জামান নকিবসহ ৮ জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করি। ৪ জুন মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ ।
গত এক সপ্তাহ আগে মামলার প্রধান আসামী তারিকুজ্জামান নকিব জামিনে মুক্ত হয়। জেল থেকে ছাড়া পেয়েই আমাদের মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে। আমরা তার কথায় সাড়া না দেওয়ায় সে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে বুধবার (৭ জুলাই) রাত ১ টার দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক তারিকুজ্জামান নকিব (২৬) সহ তার ১০/১২ জন সহযোগী অবৈধ ভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর করে।
আমি বাধা দিলে আমাকে দা ও হাতুড়ি দিয়ে গুরুত্বর জখম করে এ সময় ঘরে থাকা টিভি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করে। পরে হামলা কারিরা আমাকে নিয়ে গেলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে বিষয়টি জানায়। পরে এলাকার ইস্রাফিলের বাড়ির সামনে থেকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনা জানতে পেরে পুলিশ উদ্ধার করে মো. জাকির শেখকে হাসপাতালে পাঠায়। মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
