সরকার ঘোষিত এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ ভালো নেই নিম্ন আয়ের মানুষেরা। লকডাউনে তাদের আয় একেবারে কমে গেছে। পরিবার চালানোর ন্যূনতম খরচটুকুও যোগাতে পারছেন না। চিকিৎসা, বাসা ভাড়া আর খাওয়ার খরচ যোগানোর চিন্তাতেই তারা দিশেহারা। সারাদেশব্যাপি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সিলেটেও অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান কার্যত বন্ধ রয়েছে। এতে চরম মানবেতর জীবনযাপন করছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। সংকটময় মুহুর্তে মানবতার ডাকে সাড়া দিয়ে অনেকটা নিভৃতে অসহায়-দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর পুলিশের সদস্য সফি আহমদ। সরকারি দায়িত্ব পালন শেষ করেই তিনি ছুটে চলেন করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া মানুষের দরজায়। সাধ্যমতো সহায়তা তুলে দিচ্ছেন দুর্দশাগ্রস্ত পরিবারের হাতে। অনেকটা নীরবে-নিভৃতে তিনি এ তৎপরতা চালালেও ইতোমধ্যে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন অসহায় মানুষের কাছে।
মো. সফি আহমেদ সিলেট মহানগর পুলিশের নায়েক পদে কর্মরত। বর্তমানে তিনি মহানগর পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস বিভাগে কর্মরত আছেন। তার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্য মো. ইদ্রিস আলী।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ এবং সাধারণ ছুটি ঘোষণার কয়েকদিন পর থেকে মূলত কাজ শুরু করেন সফি আহমেদ। প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন শেষে নিজের মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দুর্দশাগ্রস্ত মানুষের খোঁজে। গরিব ও অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন মো. সফি আহমেদ। সাধারণ ছুটি ঘোষণার পর থেকে পুলিশ কমিশনারের অনুপ্রেরণায় প্রতিদিন মোটরসাইকেলে করে ঘুরে ঘুরে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
জানা যায়, তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি বেঁচে নেই। বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা, পেনশনের টাকা, পরিবারের সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও বন্ধুবান্ধব, প্রবাসীদের মাধ্যমে পাওয়া সাহায্য থেকেই তিনি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ কার্যক্রম চালাতে গিয়ে তাকে কিছুটা ঋণগ্রস্তও হতে হয়েছে। এছাড়া সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাই আর্থিক সহযোগিতাসহ সবধরনের সহযোগিতা করছেন বলেও তিনি জানান।
খবর নিয়ে জানা যায়, সফি আহমেদের পরিবার প্রথম থেকেই তাকে সাহায্য করে আসছে। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনার ভাতা, পেনশনের সব টাকা এ উদ্যোগে দেন তার মা। তার সঙ্গে তার ভাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করছেন। এছাড়া তার বন্ধুরাও তাকে অনেক সাহায্য করছে।
