রাজধানীর রমনা থানার নাশকতা মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মো. মাহফুজুল হক আসামি আসলামকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩১ মে রমনা থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও ঘটনার মূল রহস্য উদঘাটনসহ এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার এবং ঘটনার ইন্ধনদাতা ও মদদদাতাদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসামি আসলামের ১০দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক মাহফুজুল হক। আদালত শুনানির জন্য ৩০ জুন দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে জামায়েত ইসলাম, ছাত্রশিবির, বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনায় রমনা, পল্টন ও মতিঝিল থানায় হেফাজত, জামায়েত, ছাত্রশিবির, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন পুলিশ।