মৌলভীবাজার জেলা প্রশাসন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৮৬ জন ব্যক্তির বিরুদ্ধে মামলায় ১ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৫০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
২৯ জুন মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় জেলার সাত উপজেলার বিভিন স্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(১) (খ) ধারামতে ১৮৫ জনকে মোট ১ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি)। এছাড়াও জেলা সদরে কোর্ট পরিচালনাকালে অন্যন্যদের মধ্যে ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, অর্ণব মালাকার। মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ ও র্যাব।
