পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমির হোসেন হাওলাদারকে দল থেকে বহিস্কার করার দাবি করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত রবিবার (২৭ জুন) সন্ধায় বাউফলের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ.স.ম. ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুর রবের সভাপতিত্বে ইউপি নির্বাচন পরর্বতী পরিস্থিতি নিয়ে এক জরুরী মতবিনিময় ও আলোচনা সভায় ওই দাবি করা হয়। আলোচনা সভায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান (বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পদ থেকে বহিস্কিৃত) এনামুল হক আলকাচ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম, মো. বশার মৃধা, চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.আলমগীর সরদার, সাধারন সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, চন্দ্রদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তফা ফকির, সাধারন সম্পাদক মো. কামল সিকদার, চন্দ্রদ্বীপ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রহিম মোল্লা, সাধারন সম্পাদক মো. হানিফ হাওলাদার, ছাত্রলীগের সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারন সম্পাদক ইউপি সদস্য মো. শাহজালাল ইসলাম এবং নবনির্বাচিত ইউপি সদস্য মো.শাহবুদ্দিন ও ইব্রাহিম গাজী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, গত ২১ জুনের ইউপি নির্বাচনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন তথা তৃণমূল আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মো. এনামুল হক আলকাচ। প্রমত্তা তেঁতুলিয়া নদী বেষ্টিত অবহেলিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রা চলমান রাখতে এনামুল হকের বিকল্প নেই। যার কারণে জনগণ তাকে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ আমির হোসেন হাওলাদারকে নৌকা প্রতীক দিলেও জনগণ ও দলীয় নেতাকর্মীরা তাকে প্রত্যাখান করেছেন। যেভাবে গত ২০১৬সালের নির্বাচনেও তাকে প্রত্যাখান করেছিল।

তারা বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো এনামুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনবিচ্ছিন্ন আমির হোসেন হাওলাদার নৌকা ডুবিয়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছেন। সে কখনো দলীয় কর্মকান্ডে সক্রিয় ছিল না। একারণে আমরা তাকে সভাপতি পদ থেকে বহিস্কারের দাবি করছি।