সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালি গার্ডেনে অভিযান চালিয়ে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ জুন) বিকেল ৪টায় এই হোটেলে অভিযান পরিচালিত হয়।

করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে জণজমায়েত করে এক প্রবাসী পরিবারের পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে হোটেল ভ্যালি গার্ডেন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘণ করে হোটেল ভ্যালি গার্ডেন কর্তৃপক্ষ ৫০ জনের অধিক মানুষ জমায়েত করে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে হোটেল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে রোববার করোনাকালীন বিধি-নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একদিনে দুটি বিয়ের আয়োজন করেছিলো নগরীর পূর্ব জিন্দাবাজারের আ.বি কমপ্লেক্সের ৫ তলায় অবস্থিত গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্ট। গোপন সূত্রে খবর পেয়ে রোববার বিকেল ৩টার দিকে সেখানে ঝটিকা আভিযান চালায় জেলা প্রশাসন। আইন লঙ্ঘনের দায়ে কর্তৃপক্ষকে করা হয় ৫০ হাজার টাকা জরিমানা।