সুনামগঞ্জ সদরের গৌরারংয়ে ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: সাজিদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপবৃত্তি কর্মসূচী ২০০২০-২০২১ সালের উপবৃত্তি পাইয়ে দেয়ার অজুহাতে একাদশ শ্রেণীর আনুমানিক ২৭৪ জন শিক্ষার্থীদের কাছ থেকে ৫শত টাকা করে হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ১০ জুন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি বরাবরে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানিয়েছে, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: সাজিদুর রহমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচী ২০২০-২০২১ ইং সনের ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর আনুমানিক ২৭৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তির জন্য তালিকাভূক্ত করেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫০০ টাকা করে তার নিকট প্রদানের জন্যও বলেন। যেহেতু সমন্বিত উপবৃত্তি কর্মসূচী অনুযায়ী কোন শিক্ষার্থীর নিকট হতে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) টাকা নেওয়ার সরকারী বা বেসরকারী কোন বিধি বা নিয়ম-নীতি নেই। এতে একাদশ শ্রেনীর উক্ত শিক্ষার্থীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি বিভিন্ন ভাবে তাদেরকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।
পরবর্তীতে একাদশ শ্রেণীর সব শিক্ষার্থী প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫০০ টাকা করে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর নিকট প্রদান করা হয়েছে বলে তাদের লিখিত আবেদনের উল্লেখ করেছে।
ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্য এডভোকেট মো: হাবিবুর রহমানের সাথে যোগযোগ করলে তিনি দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন, সরকারী বা বেসরকারী কলেজের উপবৃত্তি বাবত শিক্ষার্থীদের কাছ থেকে কোন ধরনের টাকা নেওয়ার কোন নিতিমালা নেই। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাজিদুর নিজ উদ্দ্যেগে কলেজের গর্ভনিং বডির দায়িত্বশীলদের না জানিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া বেআইনী। তিনি বলেন, আগামী বুধবার কলেজে এ ব্যাপারে সভা ডাকা হয়েছে। সেখানে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (২২ জুন) বিকেলে ফোনে এ ব্যাপারে ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সাজিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানিনা, এটা কলেজ কর্তৃপক্ষ জানে বলে অধ্যক্ষ মন্তব্য করেন।
পরে এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ইমরান শাহাবীয়াত এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। আগামী বুধবার (২৩ জুন) বিষয়টি নিয়ে কলেজের গভর্নিং বডির সভা ডাকা হয়েছে। ওই সভাতে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
