অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। মাদ্রিদের ক্লাবটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে খবরটি।
দ্বিতীয়বারের জন্য কোচ হিসেবে এসে ৩ বছরেও ক্লাবের সাবেক কিংবদন্তি ফুটবলার সেভাবে সাফল্যের মুখ দেখেননি। এমনকি লা লিগাতেও দ্বিতীয় স্থানে শেষ করতে হয়েছে। কোচ হিসেবে রিয়ালকে এক ডজন ট্রফি (তিনবার ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর বিরল নজির) দেওয়া ফরাসি জাদুকরের রিয়ালের দিন ফুরিয়ে গেছে। এমনটাই মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতেই এ সিদ্ধান্ত নিলেন জিজু।
জিদানের পরিবর্তে রিয়ালের মাথায় রয়েছে বেশ কয়েকটি নাম। তার মধ্যে সবার আগে রয়েছেন রাউল গনজালেস। রিয়ালের জার্সিতে এক সময়ে স্বপ্নের ফুটবল খেলা রাউল এখন রিয়ালের যুব দল সামলাচ্ছেন। কোচ হওয়ার দৌড়ে রাউলই এগিয়ে রয়েছেন।
জিদানের বিদায়ের খবরে ফুটবলপ্রেমীদের মাঝে কৌতূহল দেখা দিয়েছে। জিদানের পরিবর্তে কে আসছেন রিয়ালের দায়িত্বে? স্প্যানের জাতীয় সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাবের সাবেক আরেক মহাতারকাই নিতে পারেন লস ব্ল্যাঙ্কোসদের দায়িত্ব।
এছাড়াও কোচের তালিকায় রয়েছেন- মাসিমিলিয়ানো আলেগ্রি ও আন্তনিও কন্তে। ৫৩ বছরের ইতালীয় প্রশিক্ষক আলেগ্রি মিলান এবং য়্যুভেন্তাসের মতো দলকে সামলেছেন। অন্যদিকে কন্তে সেরি আ জেতানোর পরেই ইন্টার মিলানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কন্তে য়্যুভেন্তাস, চেলসি ও নিজের দেশের কোচ হিসেবেও দুর্দান্ত কাজ করেছেন। এখন দেখার রিয়ালের কোচ হিসেবে জিদানের জুতায় কে পা গলাতে চলেছেন!
