দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সাজানো মামলা প্রত্যাহার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে সিলেটে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মে) বিকালে সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নগরীর শাহপরান মাজার গেইটে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কবি সাজ্জাদ আহমদ সাজু’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় আহবায়ক কামরুল হাসান জুলহাসন, বাংলাদেশ

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোহন আহমদ, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিরাজ কুদ্দুছ খান, মাছুম আহমদ চৌধুরী, দৈনিক দিনরাত ও দৈনিক জাগ্রত সিলেট এর দক্ষিণ সুরমা প্রতিনিধি মিজানুর রহমান, রুবেল আহমদ প্রমুখ।

বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে তাদের বিচারের দাবী জানান এবং সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করেন।