মৌলভীবাজারের বড়লেখায় গরুর পচা মাংস বিক্রির অভিযোগে বিয়ানীবাজার এলাকার শওকত আলী (৩৫) ও দেলোয়ার হোসেন (২৭) নামে ২ কসাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) সকালে পৌরশহরের উত্তর চৌমুহনীর চান্দই মাংসের দোকানে পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। বিকেলে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।

আটককৃতরা হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর (বারইগ্রাম) এলাকার।তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কসাইখানায় পচা মাংস বিক্রি ও অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ রয়েছে।

পুুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকার একটি মাংসের দোকানে শুক্রবার সকালে বিয়ানীবাজারের কসাই শওকত আলী ও দেলোয়ার হোসেন গরুর পচা মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পচা মাংস বিক্রির অভিযোগে পুলিশ শহরের উত্তর চৌমোহনী থেকে দুই ব্যক্তিকে আটক করেছে। বিকেলে তাদেরকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।