গাজায় গেল ১১ দিনের ইসরায়েলি আগ্রাসনে ২৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেড় সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে উপত্যকাটিতে প্রায় ২৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বাদ যায়নি সংবাদমাধ্যম সেন্টারও। উদ্বাস্তু হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ।

গত ১০ মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে গেল টানা ১১ দিন উপত্যকাটিতে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতায় ১৬ হাজার ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলোর মধ্যে এক হাজার ৮০০ বাড়ি বসবাসের অনুপোযুক্ত আর এক হাজার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। টাকার হিসেবে যা ২৬ হাজার ৮৮০ কোটি টাকার বেশি।

ইসরায়েলের হামলায় অন্তত ৩৩টি মিডিয়া সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যেগুলোর মূল্য প্রায় ৯২ মিলিয়ন ডলার। জাতিসংঘের হিসেবে, এই কয়দিনে বাস্তুহারা হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। শুধু তাদের আশ্রয় শিবিরেই আছেন ৬৬ হাজারের বেশি।

শুধু গাজা নয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েল ভূখণ্ডেও পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।