টোকিও অলিম্পিক সামনে রেখে অ্যাথলেট ও সংশ্লিষ্টদের টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক।

চলতি মাসের শেষ দিকে বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির সঙ্গে সমন্বয় করে টিকা সরবরাহ করবে তারা। এদিকে অলিম্পিকের টেস্ট ইভেন্টসহ অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন টোকিও অলিম্পিকের সভাপতি সেইকো হাশিমোতো।

করোনাভাইরাসের কারণে যখন হুমকির মুখে গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিক। তখন সুখবর নিয়ে এলো যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে চুক্তি করেছে তারা। চলতি মাসের শেষ দিকে বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির সঙ্গে সমন্বয় করে টিকা সরবরাহ করবে ফাইজার ও বায়োএনটেক।

টোকিও অলিম্পিক শুরু হবে ২৩ জুলাই। তার আগেই অংশ নিতে যাওয়া অ্যাথলিটদের ভ্যাকসিন দেয়া নিশ্চিত করতে বিভিন্ন দেশে কার্যক্রম শুরু হয়েছে। টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়ার আগেই যেন সবাই দ্বিতীয় ডোজের টিকা পেয়ে যান সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ।

ফাইজার ও বায়োএনটেকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইওসির সভাপতি থমাস বাখ। টোকিও অলিম্পিকে ১১ হাজারের বেশি অ্যাথলিটের অংশ নেয়ার কথা রয়েছে।

এদিকে, এরই মধ্যে শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিকের সব টেস্ট ইভেন্ট। হাফ ম্যারাথন টেস্ট ইভেন্ট চলাকালে ন্যাশনাল স্টেডিয়ামে টোকিওর গভর্নর ও ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সভাপতি এক সাক্ষাৎ শেষে বলেন করোনা পরিস্থিতিতে সব রকম ব্যবস্থাই গ্রহণ করা হবে।

টোকিও গভর্নর ইয়োরিকো কোইকে বলেন, করোনাতে সব রকম সুরক্ষা নিশ্চিত করেই আমরা অলিম্পিকের টেস্ট ইভেন্টগুলো সম্পন্ন করব। টোকিও অলিম্পিক সুষ্ঠুভাবে হোক এটাই আমাদের উদ্দেশ্য।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সভাপতি সেবাস্তিয়ান কোয়ে বলেন, আমি জাপানের নাগরিক ও অ্যাথলিটদের আশ্বস্ত করতে চাই আমরা সর্বোচ্চ সতর্ক করোনা পরিস্থিতি নিয়ে। যে কোনো অবস্থা মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

টোকিও অলিম্পিকস সভাপতি সেইকো হাশিমোতো সেইকো অবশ্য মনে করেন করোনা মহামারিতে সুষ্ঠুভাবে অলিম্পিক আয়োজন করাটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমাদের এখনো অনেক প্রস্তুতি নেয়ার বাকি। আর এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সবার আগে দরকার আপনাদের সহায়তা।’

সব জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক আশা অ্যাথলিটদের।