ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে উস্কানি দেয়ার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হওয়া সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (০৭ মে) তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুরের পর কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৬ মে) গভীর রাতে সিলেটের বনকলাপাড়া এলাকার একটি মসছিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীনূর পাশা হেফাজত ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
মাওলানা শাহীনূর পাশাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ওই তাণ্ডবে উস্কানি দেন বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি সূত্র নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজত ইসলাম। এ সময় শতাধিক সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে সদর উপজেলা ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ওই অফিসের অফিস সহকারী এ বি সিদ্দিক অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পড়ে সিআইডির ওপর।
সিআইডি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহরিয়ার রহমান জানান, মোবাইল ফোনে তাণ্ডবের ঘটনায় উস্কানি দেয়ার তথ্য প্রমাণ পেয়ে বৃহস্পতিবার রাতে সিআইডি তাকে গ্রেফতার করে। তাণ্ডবের সময় তিনি বিভিন্নভাবে উস্কানি দিয়েছেন। তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার পর আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও আরও তথ্য প্রমাণের পর অন্য কোনও মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা সেটা দেখা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। এসব মামলায় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
