প্রতিদিন ঘর থেকে বেরিয়ে দিনমজুরি না করলে যাদের খাবার জুটে না, তাদের জীবন বাঁচাতে সহায়তার পাশাপাশি লকডাউন প্রত্যাহার করা উচিত বলে মনে করেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
শুক্রবার এক বিবৃতিতে সংসদের বিরোধী দলীয় এই উপনেতা বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনের সুফল অর্জন সম্ভব নয়। দেশের কোটি কোটি মানুষ দিন এনে দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়।“

তিনি বলেন, মহামারীর প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে, তা একেবারেই অপ্রতুল।

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, “সম্ভব হলে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা উচিত।”

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে চলছে ‘সর্বাত্মক লকডাউন’ যা ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বহাল থাকছে।