দেড় বছর পার হয়েছে। কিন্তু এখনও এসএ গেমসে স্বর্ণজয়ের প্রতিশ্রুত অর্থ পায়নি অ্যাথলিটরা। প্রধানমন্ত্রী পুরস্কৃত করার কথা ছিল অ্যাথলিটদের। করোনা মহামারিতে তা পিছিয়েছে বারবার। খেলা না থাকায় আর্থিক সংকটে অ্যাথলিটরা।
শিগগিরই তাদের প্রাপ্য অর্থ দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রণালয়ের কাছে। অ্যাথলিটদের চাওয়া বিবেচনা করে শিগগিরই বিষয়টি নিয়ে ভাবার আশ্বাস মন্ত্রণালয়ের।
দেশের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কিংবা কোর্টে নামেন রোমান সানা-মাবিয়ারা। ওরা সারা বিশ্বে লাল সবুজের প্রতিনিধিত্বকারী। নানা দেশ ঘুরে পদক নিয়ে আসেন বাংলায়। যার সবচেয়ে বড় উদাহরণ সবশেষ ২০১৯ এসএ গেমসে স্বর্ণজয়। সেবার গেমসে ২০টি স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ।
স্বর্ণজয়ী প্রত্যেক অ্যাথলিটকে ৬ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু প্রায় দেড় বছর পার হলেও স্বর্ণ জয়ের আর্থিক পুরস্কার পাননি মাবিয়া-প্রিয়া-জিয়ারুল-দিপু চাকমা-রোমান সানারা। করোনার কারণে যা পিছিয়েছে বারবার।
করোনা মহামারিতে এই টাকা পেলে নিজেদের সমস্যা অনেকটাই সমাধান হতো বলে মনে করেন এই অ্যাথলিটরা।
করোনার তাণ্ডবে দেশের ক্রীড়াঙ্গনে শূন্যতা। নিয়মিত সূচির কোনো খেলাই মাঠে গড়াচ্ছে না। বিদেশে খেলতে যাওয়াও প্রায় বন্ধ। খেলা না থাকায় কমে গেছে আয়ের পথ। বিপদের দিনে পাওনা অর্থের জন্য আকুতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দেন।
