সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকা থেকে র‌্যাব ইয়াবা সীমা বেগমকে (৪০) গ্রেফতার করেছে। এসময় র‌্যাব-৯ তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃত সীমা কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের (ইকুইর দা) রংগু মিয়ার কন্যা। বর্তমানে সীমা গোলাপগঞ্জ থানাধীন চকরিয়া এলাকার আব্দুর নূর মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) শাহপরাণ থানা পুলিশ গ্রেফতারকৃত সীমাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে সোমবার (১৯ এপ্রিল) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সীমাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২০