ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতেই বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। আঙুলের ইনজুরির কারণে আইপিএল আসর থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় লং অনে ক্রিস গেইলের ক্যাচ নিতে গিয়ে হাতে আঘাত পেয়েছিলেন স্টোকস।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, স্টোকস এই মুহূর্তে ভারতে থাকবেন নাকি ইংল্যান্ড ফিরে যাবেন তা নিয়ে রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে ইংল্যান্ড ক্রিকেট বোড। তবে আপাতত এক সপ্তাহ ভারতেই অবস্থান করতে পারেন বলে ধারণা দিয়েছে তার দল।
স্টোকসের চোট কতটা গুরুতর তা নিয়ে পর্যালোচনা চলছে। বৃহস্পতিবার স্টোকসের এক্স-রে করানো হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, স্টোকসের পাশাপাশি জোফরা আর্চারও চোটে ভুগছেন। আঙুলের চোটে থাকা ইংলিশ এই পেস বোলারকে শুরুর কয়েকটি ম্যাচে পাচ্ছে না দলটি। এমন অবস্থায় স্টোকসের ছিটকে যাওয়া তাদের জন্য বড় ধাক্কা।
নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ রানে হেরে আসর শুরু করেছে রাজস্থান।
