জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ দিন সকালে ক্যাম্পাসের কলাভবনে অবস্থিত মুজিবমঞ্চে উপাচার্যের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে শিক্ষক সমিতি, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব মুজিবমঞ্চে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, “আমাদের এগিয়ে যেতে হবে। মুজিব আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাবো।”
এর আগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যাওয়া হলেও বিশেষ নিরাপত্তার কারণে ফিরে আসতে হয়। এদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এ্যাসোসিয়েশন ‘স্বাধীনতা উৎসব’ ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কয়েকটি ব্যান্ড (মনের মানুষ, আবোল-তাবোল, স্বপ্নবাজী) সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার সন্ধ্যায় ২৫ মার্চ কালোরাতে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত দেশের একমাত্র গুচ্ছ ভাস্কর্য ‘৭১’র গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্ততি’ ভাস্কর্য প্রাঙ্গণে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।
