হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাসের জেরে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি হিন্দু-অধ্যুষিত গ্রামে হামলার ঘটনা ঘটেছে।

শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বুধবার সকালে এই ঘটনা ঘটে
হামলার সত্যতা নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

মওলানা মামুনুল হকের অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

স্থানীয় লোকজন জানান, মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস আপনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকালে কাশিপুর, নাচনী, চণ্ডীপুরসহ কয়েকটি গ্রাম থেকে মামুনুল হকের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়।

গ্রামের বাসিন্দা রন্টু দাস জানান, ‌‘আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘরের সবকিছু লুটপাট করা হয়েছে। আমরা গ্রাম ছেড়ে পালিয়ে এসেছি প্রাণ বাঁচাতে।’

উল্লেখ্য বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।