গণপরিবহন, মেস ও বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’। একই সাথে ৪ দফা দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন-২ এর সামনে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘নিরাপত্তা নিশ্চিত করো, নিরাপত্তা জোরদার করো’, ‘আমরা তোমার অভিভাবক, এসব বলে অনেক তো, মেয়ের ঘরে চোর ঢুকলে বাবা কি আর চুপ থাকতো’, ‘ছিনতায়, চুরি, শ্লীলতাহানী এরপর কী? প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই হবে প্রশাসন, দেখছি/দেখবোর দিন গিয়েছে, বন্ধ কর প্রহসন’, ‘চলতে ফিরতে হরহামেশা, এমন কথা আমরা দেই, তোদের মাথা নিয়ে আদৌ আমাদের ব্যাথা নেই- প্রশাসন’, ‘চোর পালালে গালাবাজি, মিডিয়ায় সক্ষাৎকার, লোক দেখানো বন্ধ করো, ব্যবস্থা নাও যা দরকার’ ইত্যাদি সম্মিলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো- গত ৫ মার্চে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণের চেষ্টাকারীকে শনাক্ত করে দ্রুত মামলা দায়ের এবং ছাত্রী হোস্টেলে বহিরাগত অনুপ্রবেশকারীকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণপরিবহন ও বিশ্ববিদ্যালয় এলাকায় চুরি, ছিনতাই ও যৌন হয়রানীসহ যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, ‘উপাচার্য ঢাকায় আছেন। তিনি সিলেটে আসলে এ বিষয়ে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি মেসে এক ছাত্রীর রুমে ঢুকার চেষ্টায় এক বহিরাগত যুবককে আটক করেন জালালাবাদ থানা পুলিশ। এরপর গত ১৯ ফেব্রেুয়ারি সুবিদ বাজার এলাকায় ছাত্রীদের মেসে ঢুকে একটি ল্যাপটপ, নগদ এগারো হাজার টাকা এবং জুয়েলারিসহ অন্যান্য জিনিসপত্র চুরি হওয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ গত ৫ মার্চ শুক্রবার সিলেট নগরীর একটি মেসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ওঠে অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে। এ ধরণের ঘটনা বারবার ঘটায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনাতায় ভুগছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।