কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ ধূলাউড়া এলাকায় বুধবার বিকেলের দিকে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল আটকের পর রশি দিয়ে বেঁধে মারপিট করে প্রায় অর্ধমৃত করে রাখে এবং হাঁপানি রোগ সারতে এই প্রাণীর মাংস কাজে দেয় এমন ধারণা থেকে গন্ধগোকুলটিকে জবাই করার সিদ্ধান্ত নেন স্থানীয়রা।
পরে সন্ধ্যায় মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই প্রাণীটিকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। বিরল প্রজাতির ওই গন্ধগোকুল রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম সদর থানা চত্বরে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ওই প্রাণীটিকে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও কুড়িগ্রাম বন বিভাগের নিকট হস্তান্তর করেন।
এসময় বন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন ফরেস্ট গার্ড নুর ইসলাম, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. কাহরিয়ার, এসআই প্রলয় বর্মা প্রমুখ।
এ ব্যপারে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ ধূলাউড়া এলাকার চার তেপতির মোড় থেকে স্থানীয়রা গন্ধগোকুলটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার দুপুরে প্রাণীটিকে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৪
