সিলেটের হবিগঞ্জ ও জকিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাফটার হাওর এলাকার মৃত কুদ্দুস মিয়ার পুত্র মো: মনির মিয়া (২১), জকিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র আব্দুল হক (৩৮) ও একই থানার পিরোজপুর গ্রামের মকরম আলীর পুত্র আব্দুস ছামাদ (২৮)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আহমদাবাদ এলাকা থেকে ৬ কেজি ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মনির মিয়াকে গ্রেফতার করে।

এদিকে, একইদিন রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতি. পুলিশ সুপার মো.সামিউল আলম এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮৫০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দসহ মাদক ব্যবসায়ী আব্দুলে হক ও আব্দুস ছামাদকে গ্রেফতার করে।

পৃথক অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯