ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে আরও একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সবকিছু ঠিক থাকলে এটি হবে এ জুটির ১১তম সিনেমা। এই জুটির নতুন ছবিটির নাম ‘লিডার: আমিই বাংলাদেশ’। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে এ সিনেমার শুটিং।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জমকালো আয়োজনে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুক্তিস্বাক্ষর করেন সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী, চলচ্চিত্রটির প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড-এর পরিচালক সৈয়দ আশিক রহমান।
দেলোয়ার হোসেন দিল এর গল্প ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তপু খান।
দীর্ঘ বিরতির পর শাকিব খানের বিপরীতে বুবলীর নতুন সিনেমা খবর ছড়িয়ে পড়ায় নেট দুনিয়ার বিভিন্ন গ্রুপে বেশ আলোচনা চলছে। আলোচনা যেমন ইতিবাচক আগ্রহ দেখা যাচ্ছে তেমনি নেতিবাচকও রয়েছে।
২০১৬ সালে শাকিব খানে হাত ধরে সংবাদ উপস্থাপিকা থেকে চিত্রনায়িকা বনে গেছেন শবনম বুবলী। এ জুটির প্রথম সিনেমা বসগিরি। এরপর শাকিব খানের সঙ্গে দশটি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। সবশেষ এ জুটিকে একসঙ্গে দেখা গেছে ‘বীর’ সিনেমায়। এ সিনেমা মুক্তির পর আড়ালে চলে গিয়েছিলেন বুবলী। সে সময় তার মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল ফিল্মপাড়ায়।
