সিলেট নগরীর চৌহাট্টায় সড়কের পাশের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষের জের ধরে সিলেট-ঢাকা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে মাইক্রোবাস শ্রমিকরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বর ও চন্ডিপুলে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে তারা। এতে চরমে দুর্ভোগে পড়েন মানুষ। তবে বিকাল ৪টার দিকে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এর আগে বেলা ২টার দিকে শ্রমিকরা সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বরসহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পণ্যবাহী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বাসসহ আটকা পড়ে সব ধরনের যানবাহন।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, চৌহাট্টায় সিলেট সিটি করপোরেশনের শ্রমিকরা তাদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে। এ ভাঙচুরের ক্ষতিপূরণ ও নির্দিষ্ট স্থানে তাদের স্ট্যান্ড করে দেওয়ার জন্যে এ আন্দোলন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নগরীর চৌহাট্টার ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন রশীদ চত্বর ও চন্ডিপুল এলাকায় মাইক্রোবাসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তবে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিত নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখন গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।
