চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণাসহ ৪ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা। এসময় ৪ ফেব্রুয়ারীর মধ্যে দাবি মেনে নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- ২০১৬-১৭ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করা, পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়া এবং করোনাকালীন হলসহ অন্যান্য অতিরিক্ত ফি মওকুফ করা।

মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন, শিক্ষকরা আমাদের পিতৃতুল্য। কিন্তু সেই শিক্ষকরাই এখন আর আমাদের নিয়ে ভাবেন না। যদি ভাবতেন তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও পরীক্ষা নিতেন। তিনি বলেন, প্রশাসনিক সকল কার্যক্রম তো থেমে নেই, তাহলে আমাদের পরীক্ষা থেমে আছে কেন? আপনাদের যে সংকীর্ণতা তা পরিহার করে আমাদের কথা ভাবুন। আমরা বাঁচলে রাষ্ট্র বাঁচবে, আমরা বাঁচলে আগামী ভবিষ্যত বাঁচবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খাইরুল ইসলাম দুখু বলেন, ‘আর কতদিন এভাবে আমাদের প্রতীক্ষার প্রহর গুনতে হবে? ইতোমধ্যে আমরা পরিবারের বোঝা হয়ে পড়েছি। কিছুদিন পর রাষ্ট্রের বোঝা হয়ে যাবো। আমাদের নাকের ডগা দিয়ে পরীক্ষার সার্কুলার যাচ্ছে, আমরা আবেদন করতে পারছি না। এতে আমরদের হতাশা বাড়ছে পাশাপাশি মানসিক ভাবে ভেঙে পড়ছি।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরীফ বলেন, গণমাধ্যম থেকে জানতে পেরেছি সরকার বলছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে। এদিকে প্রশাসন সরকারের নির্দেশনার কথা বলছে। সরকার ও প্রশাসনের লোফালুফি খেলায় আমাদের হতাশা বাড়ছে, জীবনের আশার আলো স্তমিত হয়ে যাচ্ছে। দিনশেষে এর দায়ভার কে নিবে?

হল খোলার দাবি জানিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, সরকারি হিসেবে কওমী মাদ্রাসায় প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। মাদ্রাসা খোলার ৫-৬ মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর করোনায় আক্রান্তের ঘটনা আমারা দেখিনি। কওমী মাদ্রাসাগুলোতে যেখানে শিক্ষার্থীরা একই রুমে গাদাগাদি করে থাকছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রতি রুমে ২ থেকে ৪ জন শিক্ষার্থী থাকেন। তাহলে বিশ্ববিদ্যালয় আবাসিক হল খুলে দিতে সমস্যা কোথায়?

মানবন্ধনে আরও বক্তব্য দেন ফিসারিজ বিভাগের শিক্ষার্থী শ্যামল অধিকারী, ম্যাটেরিয়াল সায়েন্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইবরাহিম খলিল, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আভা প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।