পদ্মা সেতুর নামে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও মূল সেতুতে ব্যয় হচ্ছে মাত্র ১২ হাজার কোটি টাকা। বাকি ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে নদী শাসন, সংযোগ সড়ক, পুনর্বাসনসহ নানা খাতে। নদী থেকে অপসারিত বালি ফেলার জন্য ভূমি অধিগ্রহণ খাতে সর্বশেষ ২০১৮ সালে বাজেট বেড়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।
৩০ হাজার ১৯৩ কোটি টাকায় চলছে পুরো পদ্মা সেতু প্রকল্পের কাজ। এর মধ্যে ৯০ ভাগের বেশি শেষ হয়ে এসেছে মূল সেতুর কাজ। সবগুলো স্প্যানের সংযোগ শেষে অপেক্ষা এখন সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করে গড়ে তোলার।
তবে শুধু স্প্যান আর পিলারের মূল সেতু নিয়েই পদ্মা সেতু প্রকল্প নয়। মূল সেতুর বাইরেও এ প্রকল্পে যোগ করা আছে আরও বড় ৪টি কাজ। এর মধ্যে সংশোধিত প্রস্তাবনা অনুযায়ী মূল সেতুর জন্য বরাদ্দ ১২ হাজার ১৩৩ কোটি টাকা। এর পরেই সবচেয়ে বেশি বরাদ্দ নদী শাসনের কাজে। পদ্মার মতো উত্তাল ও রহস্যময় নদীতে নদী শাসন ও সার্ভিস এরিয়ায় মাটি ভরাটে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৪০০ কোটি টাকা। পৃথিবীর ইতিহাসে একক কোন নদী শাসনের জন্য এটাই সর্বোচ্চ বরাদ্দ।
পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ৫১৫ কোটি টাকা। সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ৯০৭ কোটি টাকা। এছাড়া নদী থেকে উত্তোলনকৃত বালি ফেলার জন্য আলাদা করে ভূমি অধিগ্রহণ প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে ২ হাজার ৬৯৮ কোটি টাকা।
পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে যাওয়া পদ্মা সেতু প্রকল্পে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২৯ কোটি টাকা। এছাড়া পরামর্শক, তদারকি, অডিট, প্রকৌশলগত সহায়তা ও নিরাপত্তাসহ বেশ কটি খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২শ কোটি টাকা।
এ বিষয়ে সেতু সচিব বেলায়েত হোসেন বলেন, পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম সেরা কনসালটেন্ট প্রতিষ্ঠান। বিশ্ব ব্যাংক থেকে ডিজাইন, পরামর্শ ও কোয়ালিটি নিয়ে যে শর্ত ছিল, তা মেনেই পদ্মা সেতুর কাজটি করা হচ্ছে।
নিজস্ব টাকায় তৈরি পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ার সাথে সাথে বাড়াতে হয়েছে প্রকল্পের বাজেটও। তবে এর বেশিরভাগ, অর্থাৎ মূল সেতুর প্রায় দেড়গুণ বেশি খরচ হচ্ছে অন্যান্য অবকাঠামো ও টেকসই সুবিধা নিশ্চিত করতে।
