জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়ার কোলে আসছে সন্তান। প্রথমবার মা হতে যাওয়ায় দারুণ উচ্ছ্বসিত তিনি। এরই মধ্যে ছেলের নামও ঠিক করে ফেলেছেন এই তারকা।
নতুন বছরের প্রথম মাসেই পিয়ার সন্তান পৃথিবীর মুখ দেখবে। এর আগেই তিনি সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন। তাই পুরো ঘর নতুন করে রঙ করাচ্ছেন। তবে বেবি রুমের রঙ কী হবে সেজন্য পরামর্শ চেয়েছেন অনুরাগীদের।
রোববার (২৭ ডিসেম্বর) পিয়া ফেসবুক লাইভে এসে বলেন, আজকে পুরো ঘরটি রঙ করাচ্ছি। চিন্তা করছি বেবি রুমে কী রঙ দেওয়া যায়। আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। কেউ যদি সুন্দর করে বলতে পারেন, তাহলে আমি সেই রঙটিই বেবি রুমে করবো।
আগত সন্তানের নাম জানিয়েছেন পিয়া। তিনি বলেন, আপনারা হতো আগেই জেনেছেন আমি আমার সন্তানের নাম ঠিক করে ফেলেছি। আমার পুত্র সন্তানের নাম রেখেছি অ্যারেস হাসান।
এদিকে, গত শুক্রবার (২৫ ডিসেম্বর) পিয়া বেশ ঘটা করে আয়োজন করে ছেলের আগমনী উৎসব করেছেন। ফেসবুক ওয়ালে ঘরোয়া আয়োজনে উৎসবের কিছু ছবিও শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায় পিয়ার স্বামী ফারুক হাসান, মা-বাবা, অভিনেত্রী নাবিল, ভাবনাসহ কাছের কয়েকজনকে নিয়ে উৎসবে মেতেছেন। সবাই পিয়াকে মিষ্টিমুখ করিয়েছেন।
