সিলেট সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজকে ঢাকায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বার কাউন্সিলরের পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে গত শনিবার গ্রেফতার করা হয়। রাজধানীর নিউমার্কেট থানায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত তারেক উদ্দিন তাজকে প্রধান আসামি করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার সকালে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় অংশ নিতে এসে গোলযোগ করায় এলিফ্যান্ট রোডের বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে কাউন্সিলর তারেকসহ ৩৭জনকে গ্রেফতার করে পুলিশ। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।

রবিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ওসি এসএম কাইয়ুম। তিনি বলেন, পরীক্ষা হলে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় তারেক উদ্দিন তাজ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তারেক এ মামলার প্রধান আসামি। সে কাউন্সিলর কিনা আমাদের জানা নেই। এই মামলায় পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনের ধারাও সংযুক্ত করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পূর্ব ধানমন্ডির পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী জানান, তারেক উদ্দিন তাজকে রিমান্ডে নেওয়া হয়নি। তাকে আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। যতটুকু জেনেছি তিনি সিসিকের কাউন্সিলর। পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও পুলিশের কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি আরও জানান, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে সকাল ১১টার দিকে হইচই শুরু হয়। এ সময় একদল উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী গেটের বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গেট ভেঙে ফেলার চেষ্টা করে। এসময় হামলাকারীরা পরীক্ষার খাতা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। পরীক্ষা কেন্দ্রের কয়েকটি কক্ষে হামলা চালিয়ে জানালা ও দরজা ভাঙচুর করে।

প্রসঙ্গত: এর আগে সিলেটের জৈন্তাপুর থেকে অতিথি পাখি ধরে এনে খাওয়ার ঘটনায় আলোচিত ছিলেন এই কাউন্সিলর।