কোম্পানীগঞ্জ উপজেলার মোস্তফানগরের মৃত জব্বার মোড়লের ছেলে আব্দুল আজিজ (৫৮) গংদের অব্যাহত হুমকী, ভয়-ভীতি ও অসদাচরণের ফলে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন উপজেলার একই গ্রামের মৃত হাজী সাজিদ আলীর পুত্র আব্দুর রহিম(৪০) ও তাঁর পরিবার।
জানা যায়, আব্দুল আজিজ বিভিন্ন সময় আব্দুর রহিম ও তার ভাই আব্দুল গণিকে হুমকী ও ভয়-ভীতি দেখায়।এমন কি গ্রামের মসজিদে তারা নামাজ পড়তে গেলে আব্দুল আজিজ ও তার বাহিনী তাদেরকে জোরপূর্বক বের করে দেয়।
আব্দুল আজিজদের বিরুদ্ধে সাড়ে পাঁচ মাস আগে বেআইনী জনতাবদ্ধে খুন করার উদ্দেশ্যে মারধর ও গুরুতর জখম করার অপরাধে আব্দুর রহিম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় বিগত ২৬ জুলাই একটি মামলা দায়ের করেন। যাহার নাম্বার -১৮, জিআর-১৩৭/২০ইংরেজী।
মামলার এজাহারে বলা হয়, আব্দুল আজিজ গং কোম্পানীগঞ্জের ধলাই নদী বালুমহালের বহির্ভূত ঢালা নদীর অভিযোগকারী আব্দুর রহিমের রেকর্ডীয় ভূমি হতে জোরপূর্বক ড্রেজার মেশিন দ্বারা বড় ইঞ্জিনচালিত ইষ্টীলবডি নৌকা দ্বারা বালু নিয়া যাওয়ার বিষয়ে বিরোধ চলছে। এ বিরোধের জের হিসাবে আব্দুল আজিজ গং আব্দুর রহিম ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকী দিচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়।এজাহারে আরো উল্লেখ করা হয়, বিগত ২৫ জুলাই বাদী আব্দুর রহিমের বড় ভাই আব্দুল গণি মোস্তফানগর গ্রামের নছর মিয়ার দোকানে গেলে আব্দুল আজিজ ও তার বাহিনী ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল গণির উপর হামলা করে।প্রাণরক্ষার্থে আব্দুল গণি তার বাড়ীর দিকে যেতে চাইলে আব্দুল আজিজ গং হত্যার উদ্দেশ্যে গ্রামের মসজিদের সামনে পুনরায় রাম দা, ডেগার, লোহার রড, কাঠের রুইল ও বাঁশের লাঠি দ্বারা আক্রমণ করে এলোপাথারী ভাবে পিটাইয়া মারাত্মক ভাবে জখম করে।
জানা যায়, মামলার সাড়ে পাঁচ মাস অতিবাহিত হলেও এখনও আব্দুল আজিজ কে রহস্যজনকভাবে পুলিশ গ্রেফতার করেনি।আব্দুল আজিজের যন্ত্রণায় অতীষ্ঠ হয়ে ও তাকে গ্রেফতারের দাবী জানিয়ে বিগত ২১ জুলাই অভিযোগকারী আব্দুল গণি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, বিগত ৩১শে আগস্ট দরখাস্তকারী আব্দুর রহিম জেলা পুলিশ সুপার এবং বিগত ২১শে অক্টাবর অভিযোগকারী আব্দুর রহিম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত দরখাস্ত দেন। আবেদনে ভুক্তভোগীরা তাদের জানমালের নিরাপত্তাও চান। এছাড়া ভুক্তভোগী আব্দুর রহিম বিগত ৩ অক্টোবর কোম্পানীগঞ্জ থানায় সন্ত্রাসী আব্দুল আজিজ গংদের অব্যাহত খুন করার হুমকীর দরুণ জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে একটি জিডি করেন,যাহার নাম্বার ১১২।
এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুর রহিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমরা চরম নিরাপত্তাহীনায় ভূগছি।প্রশাসনের সকল জায়গায় আমরা জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছি। তিনি বলেন, সুষ্পষ্ট অভিযোগ ও মামলা থাকার পরও পুলিশ কেন সন্ত্রাসী আব্দুল আজিজ কে ধরছে না, তা আমাদের বোধগম্য নয়। আমরা আব্দুল আজিজের গ্রেফতার দাবী করছি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার কোম্পানীগঞ্জ থানার এস আই ইয়াকুবের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলেও তাঁকে পাওয়া যায় নি।
