পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনের বগিতে বোমা হামলা ও গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা মামলার দণ্ডপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন জনি এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের চিফ রাইটার। প্রত্যেক কারাগারের এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরানো ও বিশ্বস্ত সশ্রম দন্ডিত কয়েদিদের এই দায়িত্বে নিয়োজিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার খুলনা থেকে সৈয়দপুর পর্যন্ত ট্রেন মার্চ কর্মসূচি ছিল। শেখ হাসিনাকে বহনকারী ট্রেনটি ঈশ্বরদী ষ্টেশনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বগি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন ও গুলি বর্ষণ করে তাকে হত্যার চেষ্টা চালায়। ওইদিন রাতে ঈশ্বরদী জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মামলাটি পুণরুজ্জীবিত হয়। এদিকে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: রোস্তুম আলী ২০১৯ সালের ৩ জুলাই স্পর্শকাতর এই মামলার চার্জশীটভুক্ত ৫২ আসামির মধ্যে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। আনোয়ার হোসেন জনির এই মামলার ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়। রায় ঘোষণার কয়েকদিন পরেই জনিসহ দণ্ড প্রাপ্তদের পাবনা জেলা কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সম্প্রতি এই জনিকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের চিফ রাইটার নিয়োগ করা হয়েছে।
একজন অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম কারাগারের চিফ রাইটার দায়িত্ব খুবই গুরুত্বপুর্ণ যেখানে সাড়ে ৩ হাজারের বেশি বন্দী থাকেন। দীর্ঘ পরীক্ষিত কয়েদি ছাড়া কাউকে এই পদে দেওয়ার নিয়ম নেই। চিফ রাইটার কারাগারে আসামি ও কয়েদিদের অপরাধের অভ্যন্তরীণ বিচার, তাদের শৃঙ্খলা ও সুযোগ সুবিধা দেখাশোনা ছাড়াও বাড়তি আয় উপার্জনের বেশ সুযোগ আছে। আর চিফ রাইটার কারাগারের ভেতরে ও প্রধান ফটকে অবাধে বিচরণ করতে পারেন। পাশাপাশি চিফ রাইটার কারাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের জন্য গুরুত্বপুর্ণ একটি পদ।
জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার তারেক কামাল বলেন, কয়েকদিন আগে আনোয়ার হোসেন জনিকে চিফ রাইটার করা হয়েছে। সে কেইস টেবিলে (আসামি-কয়েদিদের বিচার) কর্তৃপক্ষকে সহায়তা করে। তবে বিষয়টি আলাদা করে ভেবে করা হয়নি। সে কয়েদি বলেই এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। অভিযোগ উঠলে তাকে বাদ দেওয়া হবে।
