সিলেট নগরীর রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো ভ্রাম্যমাণ হকারদের অবশেষে পুনর্বাসনের ব্যবস্থা করছে সিলেট সিটি করপোরেশন। বুধবার (১৬ ডিসেম্বর) থেকেই দিনভর এ লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিসিক। এতে সর্বাত্মক সহযোগিতা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন ভবনের পেছনের খালি মাঠে ১ হাজারের অধিক হকারকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে সিসিক। সে লক্ষ্যে বুধবার থেকেই কাজ শুরু করা হয়েছে।
হকারদের দাবির প্রেক্ষিতে নগরীর প্রাণকেন্দ্রের সড়কককে হকারমুক্ত করতে বিশেষ উদ্যোগে নিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগর ভবনের পেছনের খালি মাঠে ১ হাজারের অধিক হকারকে পুনর্বাসনের জন্য বুধবার থেকেই জায়গা ভাগ করা শুরু হয়েছে। কাজটি শেষ করতে কয়েকদিন সময় লাগবে। হকারদের পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় এনে সিটি করপোরেশন থেকে লাইসেন্সও প্রদান করা হবে।
জানা যায়, খালি মাঠে পুনর্বাসনের লক্ষ্যে ১ হাজার ৭০ জনের তালিকা করেছে সিসিক। তবে এদের মধ্যে জায়গা কতটুকু করে বন্টন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি। এর জন্য আরো কয়েকদিন সময় লাগবে।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নগর ভবনের পেছনের মাঠে বাঁশের খুঁটি গেড়ে তাতে সুতা বেঁধে দোকানের লাইন এবং সীমানা টানা হয়েছে ও যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ বাঁশ দিয়ে খুঁটি বসানোর কাছে ব্যস্ত রয়েছে। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের তত্বাবধানে এই কার্যক্রম চলছে। উপস্থিত রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান এসেসর চন্দন দাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার রাত পর্যন্ত দ্বিতীয় দিনের কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্টরা জানান।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের বরাত দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বি.এম. আশরাফ উল্যাহ তাহের বলেন, নগর ভবনের পেছনের খালি মাঠে হকারদের পুনর্বাসনের প্রক্রিয়া বুধবার থেকেই শুরু করেছে সিসিক, তবে পুরো কাজ শেষ হতে আরো কয়েকদিন সময় লাগবে। এতে সহযোগিতা করছে এসএমপির ট্রাফিক বিভাগ।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৭০ জনের তালিকা করা হয়েছে। তবে দোকানপ্রতি জায়গার পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। কাজ পুরো শেষ করতে কয়েকদিন সময় লাগবে।
