মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) সদস্যরা। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাকসু ভবনে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সংগঠনের সাংবাদিকরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল মামুনের সঞ্চালনায় সভাপতি আরাফাত রহমান বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে আজকের কাঙ্খিত বিজয় আমরা পেয়েছি। আজকাল আমরা দিবস কেন্দ্রিক ভালোবাসা দেখাতে পছন্দ করি, কেবলমাত্র দিবসগুলোতে দেশের শহীদদের স্মরণ করি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের মধ্যে কতোটা ধারন করি সেটাই মুখ্য বিষয়। দেশে স্বাধীনতার পক্ষে কারা, বিজয়টা মূলত কাদের জন্য অর্জিত হয়েছে, আমাদের মূলত তাদেরকেই সম্মান জানাতে হবে। আমাদের গণমাধ্যমেকর্মীদের দেশের স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে কাজ করতে হবে।

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমাজের সঠিক তথ্যগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরার উদাত্ত আহ্বান জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কায়কোবাদ আল-মামুন খান। এসময় সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আলী রমজান, উপদেষ্টা মর্তুজা নূর, সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম-সাধারন সম্পাদক অন্তর রায় প্রণব, কোষাধ্যক্ষ ওয়াসিফ রিয়াদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।