স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে মুজিবনগর-নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটি ‘স্বাধীনতা সড়ক’ নামে চালু হতে যাচ্ছে। মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। ইমিগ্রেশন, কাস্টমস চেকপোস্ট, সড়ক নির্মাণসহ সকল কাজ সম্পূর্ণ করা হলে ‘স্বাধীনতা সড়কটি’ বাস্তবে রূপ নেবে। কাস্টমস কর্মকর্তা জানান, সমন্বিতভাবে সকল দপ্তরের কার্যক্রম শেষ করা গেলে বাস্তবে রূপ নেবে স্বাধীনতা সড়ক।

ইতিহাসের সাক্ষী মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগান ঘেরা গ্রাম। এখন মুজিবনগর। এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তারা সবাই সড়ক পথে বিদেশি সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধাসহ ভারতের কলকাতা থেকে নদীয়া হয়ে মেহেরপুরের মুজিবনগর আসেন। এখানেই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মুজিবনগর কমপ্লেক্স। বাংলাদেশের মানচিত্র আর বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে।

এ সড়কের মাধ্যমেই মুজিবনগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীজ বপন হয়। কিন্তু দেশ স্বাধীনের পর বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এ সড়কটি। মুজিবনগরের স্মৃতি রক্ষার্থে সরকার স্বাধীনতা সড়কটি উন্মুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করেছে।

মেহেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার বলেন, কাস্টমসসহ অন্যান্য দফতরগুলো এখানে কাজ করছে। সুবর্ণ জয়ন্তীতে সড়কটি উন্মুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে।

এ অবস্থায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা সড়কটি চালু করার সরকারের নেয়া উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় স্থানীয়রা।

সকল কার্যক্রম শেষ হলে সড়কটি দ্রুত চালু হবে বলে জানান চুয়াডাঙ্গার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা মির্জা রাফেজা সুলতানা।

তিনি বলেন, এটা চালু হলে সকল দফতরের সমন্বিত কার্যক্রম লাগবে। তাহলে আশা করা যায় স্বাধীনতার ৫০ বছরে সড়কটি পুনরায় চালু করা যাবে।

মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদীয়ার কৃষ্ণনগর পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের মাত্র ৩০০ মিটার ইটের সোলিং করা। এটুকু পাকা করে সড়কটি প্রশস্ত করলেই স্বাধীনতা সড়কটি উন্মুক্ত হবে।