জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারের নিকটবর্তী শিরিন কমিউনিটি সেন্টারকে দখলে নিতে চেষ্টাকালে বাধা প্রদানের সময় প্রতিপক্ষের হামলায় সেন্টারের মালিক মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিনা বেগম শিরিন সহ ৫জন আহত হয়েছেন।

জানাযায়, শিরিন কমিউনিটি সেন্টারের মালিক মৃত সাজ্জাদুর রহমান শফিকের স্ত্রী শিরিনা বেগম শিরিন ও নজিপুর গ্রামের মৃত মারফত উল্ল্যার ছেলে আফিজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন যাবত সেন্টারের সামনের ভুমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে আদালতে মামলা মোকাদ্দমা রয়েছে।

এরই জের ধরে আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে আফিজ উদ্দিনের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে শিরিন কমিউনিটি সেন্টারের মূল ফটকের গেইটে ৭/৮টি তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে সেন্টারের মালিক শিরিনা বেগম শিরিন সহ তার লোকজন ছুটে আসলে আফিজ উদ্দিন সহ তার লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় সেন্টারের মালিক শিরিনা বেগম শিরিন (৩০), সেন্টারের ম্যানেজার আব্দুর রহমান (৩৫), মঈন উদ্দিন (৩৫), আমিনুর রহমান (৩০), আফিয়া বেগম (৪৫) আহত হন। গুরুতর আহত আব্দুর রহমান, মঈন উদ্দিন ও শিরিনা বেগম শিরিনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এঘটনায় কমিউনিটি সেন্টারের মালিক মহিলা আ.লীগ নেত্রী শিরিনা বেগম শিরিন বাদী হয়ে আফিজ উদ্দিন সহ ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৭জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করেছেন। সেন্টারের মালিক শিরিন বেগম জানান, আমার স্বামী সাজ্জাদুর রহমান শফিকের মৃত্যুর পর আমার মালিকানা শিরিন কমিউনিটি সেন্টারটি দখলে নিতে আফিজ উদ্দিন বিভিন্নভাবে চেষ্টা চালায়। এক পর্যায়ে মামলা দায়ের করে।

মহামান্য আদালত আমার পক্ষে রায় দিলে ব্যর্থ হয়ে আফিজ উদ্দিন জোর পূর্বক আমার সেন্টার দখলের চেষ্টা চালালে আমি সহ আমার লোকজন বাধা দিলে আমাদের উপর হামলা চালায়। এ ব্যাপারে আফিজ উদ্দিন জানান, হামলার বিষয়ে আমি কিছুই জানিনা।