ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবিনহোকে যৌন হেনস্তার কারণে ৯ বছরের কারাদণ্ড আপিলেও বহাল রেখেছেন মিলানের আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দ্য সান ইউকের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৩ সালের ২২ জানুয়ারি ঘটনাটি ঘটেছিল। তখন সিরি ‘আ’ ক্লাব এসি মিলানে খেলতেন রবিনহো। তার পাঁচ বন্ধুকে নিয়ে শহরের একটি নৈশক্লাবে গিয়েছিলেন তিনি। ব্রাজিলের ৩৬ বছর বয়সী এই তারকার বিরুদ্ধে ওই রাতে ধর্ষণের অভিযোগ করেন ২২ বছর বয়সী এক আলবেনিয়ান নারী।

রবিনহোকে সহযোগিতার কারণে বন্ধু রিকার্ডো ফালকোকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। তবে আদালত আপিল খারিজ করে দিয়েছেন।

ধর্ষণের শিকার সেই মহিলা মাতাল অবস্থায় ছিলেন, এমন দাবি করেছিলেন রবিনহোর বাকি চার বন্ধু। আপাতত তাদের রায় স্থগিত রাখা হয়েছে।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতে খেলে মিলানে যোগ দেন রবিনহো। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে ছিলেন তিনি। যদিও শেষ এক বছর ধারে খেলেন ছেলেবেলার ক্লাব সান্তোসে। এই অক্টোবরে আবারও ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিয়েছিলেন রবিনহো। কিন্তু জনরোষের মুখে চারদিনের মধ্যে তার চুক্তি বাতিল হয়।

গত অক্টোবরে ফের তিনি ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে যোগ দেওয়ার মাত্র ৪ দিনের মাথায় জনরোষে পড়ে তার চুক্তি বাতিল করতে বাধ্য হয় ব্রাজিলিয়ান ক্লাবটি। ঐ সময় ‘নারীদের প্রতি অসম্মান’ করা খেলোয়াড়কে দলে নেওয়ায় সান্তোসের সঙ্গে চুক্তিও বাতিল করে এক স্পন্সর।

মিলানে যোগ দেওয়ার আগে পেলের উত্তরসূরি ভাবা রবিনহো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন। তিনি ব্রাজিলের জার্সিতে ১০০ ম্যাচে করেছেন ২৮ গোল।