মক্কার পবিত্র মসজিদুল হারামের ক্রেন দুর্ঘটনায় বিন লাদেন গ্রুপসহ অভিযুক্ত ১৩জন কে খালাস দিয়েছে সৌদির একটি আদালত। গতকাল বুধবার (৯ ডিসেম্বর) মক্কার ফৌজদারি আদালত অভিযুক্তদের খালাস দিয়ে নতুন রায় প্রকাশ করে। খবর সৌদি গেজেটের।
মামলা শুনানির সময় আদালত জানায়, ২০১৫ সালে সংঘটিত ক্রেন দুর্ঘটনা তদন্ত করে অভিযুক্তদের অপরাধমূলক কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় এক শয়ের বেশি লোক প্রাণ হারিয়েছিল। তাছাড়া একথা নিশ্চিত করে বলা যায় যে ক্রেন দুর্ঘটনা তীব্র বাতাসের কারণে সংঘটিত হয়েছিল।
আদালতের নতুন রায়ে আরো বলা হয়, ক্রেনটি নিরাপদ স্থানে ছিল। অভিযুক্তদের প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করায়ও কোনো ত্রুটি ছিল না।
তাতে আরো বলা হয়, অতিবৃষ্টি ও বজ্রপাতের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছিল। কারো ত্রুটি বা ভুলের কারণে এমন দুর্ঘটনা হয়নি।
এর আগে ২০১৭ সালের ১ অক্টোবর মক্কার ফৌজদারি আদালত অবহেলার দায়ে অভিযুক্ত ১৩ জনকে খালাস দিয়েছিল। মামলাটি পুনরায় তদন্তের জন্য ফৌজদারি আদালতকে নির্দেশ দেওয়া হয়েছিল। অবশেষে বুধবার আদালত ক্রেন দুর্ঘটনার পুরো দিক পুনর্বিবেচনা করে নতুন রায় জারি করেছে।
উল্লেখ্য, ২০০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কার পবিত্র মসজিদুল হারাম সম্প্রসারণ কাজে থাকা ক্রেন দুর্ঘটনায় ১০৮ জন নিহত হয়েছিল এবং ২৩৮ জন আহত হয়েছিল।
