ভ্যাকসিন তৈরি এবং অনুমোদনের পর গুরুত্ব পায় বিশ্বের বিভিন্ন দেশে তা সরবরাহ। এ নিয়ে অনেক সময় দেখা দেয় জটিলতাও। হিমাঙ্কের নিচে নির্দিষ্ট তাপমাত্রায় বিশ্বজুড়ে তা পরিবহন করতে নিতে হয় নানা ব্যবস্থা। করোনার টিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কীভাবে নিরাপদে দেশে দেশে পৌঁছায় টিকা, তার বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে।
বিশ্বের বিভিন্ন দেশ একে একে করোনার ভ্যাকসিন অনুমোদন ও প্রয়োগ শুরু করতে থাকলে বেড়ে যাবে টিকার সরবরাহ। এ টিকা সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এয়ারলাইন্স এবং বিতরণ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো। করোনা মোকাবিলায় তাই এদের ভূমিকাও কম নয়। করোনার টিকা হিমাঙ্কের নিচে রাখতে হয় বলে ভ্যাকসিন পরিবহনে নিতে হয় বাড়তি সতর্কতা।
ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রায় রেখে পরিবহনের সুবিধা আছে নামিদামি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর। তবে এক্ষেত্রে টিকার কার্যকারিতা বজায় রাখতে তাদের নানা ব্যবস্থাও নিতে হয়। বিমানে টিকার কার্যকারিতা বজায় রাখার জন্য, পরিবহন ও সরবরাহের সময় শুষ্ক বরফ এবং উন্নতমানের প্রযুক্তির প্রয়োজন পড়ে। ওষুধ প্রতিষ্ঠান থেকে বিমানবন্দর পর্যন্ত নেওয়া, বিমানে ওঠানো, বিমান থেকে নামিয়ে এয়ারলাইন্সের ওয়্যারহাউজ পর্যন্ত নিতে যে কন্টেইনারগুলো ব্যবহার করা হয় তাতে প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখতে হয়। তারপর বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠান ও বিতরণ প্রতিষ্ঠান এগুলো নিয়ে যাওয়ার সময়ও নির্দিষ্ট তাপমাত্রা বজায় রেখেই নিয়ে যায় ও সরবরাহ করে থাকে।
বিভিন্ন এয়ারলাইন্সের যেমন টিকা পরিবহন প্রযুক্তি ও সুবিধা আছে তেমনি বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসেরও তাপমাত্রা নিয়ন্ত্রণকক্ষ আছে, একই সঙ্গে আছে বিভিন্ন ফ্লু এবং ম্যালেরিয়ার টিকা সরবরাহের অভিজ্ঞতা। এবার করোনার টিকাও নির্দিষ্ট তাপমাত্রায় রেখে সরবরাহের প্রত্যয় তাদের।
