দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আরো ৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৩৮ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৬৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৫৫২ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

এর আগে শনিবার (৫ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৮৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৫ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী রোববার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৩৮৩ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৫৯৮ জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৬০৩ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৪৮ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮২৫ জনের।