এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি এ ব্যাপারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল বুধবার(২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এর শাহপরান (রহঃ) থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নিশারুল আরিফ জানান, মাদক মুক্ত সমাজ গড়তে মাদক গ্রহণকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন সিলেট নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হকারদের এক জায়গায় স্থানান্তর প্রয়োজন। এজন্য কাজ চলছে বলে জানান এসএমপি কমিশনার।
তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ইভটিজারদের তালিকা প্রণয়নের কাজ চলছে। অপরাধীদের প্রত্যেককে ডাটাবেজের আওতায় নিয়ে আসা হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি প্রতি মাসের ২৫ তারিখ শাহপরান (রহঃ) থানার মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতাকালে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, পুলিশ জনতার বন্ধু। তিনি অপরাধ দমনে পুলিশকে সার্বিক সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করে সব ধরণের অপকর্মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মোঃ এহসান চৌধুরী পিপিএম- এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, এমসি কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, সিলেট চেম্বারের পরিচালক পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, রাজনীতিবিদ আব্দুল্লাহ সিদ্দিকী, চেয়ারম্যান এডভোকেট আফসর উদ্দিন, করিম উল্যা গ্রুপের চেয়ারম্যান আতা উল্যা সাকের, আবু হোসেন, রফিকুল ইসলাম, মাওলানা মাসুমুর রহমান, মো. জুবাইদ আলী, নোমান আহমদ সেলিম, সৈয়দ আশরাফ আলী, দুর্বা সেন, মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ, এম দেওয়ান চৌধুরী তসলিম, মো. আরিফ, সাজু লস্কর, ফখরুল ইসলাম প্রমুখ। বক্তারা রাতে টহল বাড়ানো, বিট পুলিশিং তৎপরতা বৃদ্ধি, শাহপরান থানা এলাকায় পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। অনেকে পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।
ওপেন হাউজ ডে এর সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, শাহপরান (রহঃ) থানার সহকারী পুলিশ কমিশনার মাইনুল আবসার, শাহপরান (রহঃ) থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন থানার এএসআই মফিজুর রহমান।
